গভীর রাতে হরিয়ানা বর্ডারে লক্ষাধিক হলফনামা ছিনতাইয়ের চেষ্টা! বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি

নির্বাচন কমিশনে জমা দেওয়ার ঠিক আগে হরিয়ানা সীমান্তে লক্ষাধিক এফিডেভিট বা হলফনামা ছিনতাইয়ের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বিধায়ক আখরুজ্জামান দাবি করেন, সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী রাতের অন্ধকারে লরিটি হাইজ্যাক করার চেষ্টা চালিয়েছিল রাজনৈতিক প্রতিপক্ষরা।
আখরুজ্জামানের অভিযোগ অনুযায়ী, গতরাতে লরিতে করে কয়েক লক্ষ হলফনামা গন্তব্যে পৌঁছে দেওয়ার সময় হরিয়ানা সীমান্তে অস্ত্র দেখিয়ে গাড়িটি জোরপূর্বক অন্য দিকে ঘুরিয়ে নেওয়ার চক্রান্ত করা হয়। যদিও সেই সময় লরির পেছনেই দলের গাড়ি ছিল বলে জানা গেছে। এই ঘটনার নেপথ্যে প্রতিপক্ষ শিবির যুক্ত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলে তিনি বলেন, বিরোধীদের পর্যাপ্ত কর্মী ও সমর্থক না থাকায় তারা এই ধরনের অনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। আইনি লড়াই এবং নির্বাচন কমিশনের শুনানিতেই সত্যতা প্রমাণিত হবে বলে দৃঢ় মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিবিরের নেতারা।