স্কুলশিক্ষায় ১৭ কোটির বিশাল কেলেঙ্কারি! বিজয়ের সরকারের হাতে গ্রেফতার স্ট্যালিন জমানার প্রাক্তন শিক্ষামন্ত্রী

স্কুলশিক্ষায় ১৭ কোটির বিশাল কেলেঙ্কারি! বিজয়ের সরকারের হাতে গ্রেফতার স্ট্যালিন জমানার প্রাক্তন শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুলকে সরকারি স্বীকৃতি ও অনুমোদন পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা ডিএমকে নেতা আনবিল মহেশ পোয়ামোঝিকে গ্রেফতার করল চেন্নাই পুলিশের কেন্দ্রীয় অপরাধ দমন শাখা। সোমবার মাদ্রাজ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তাঁকে হেফাজতে নেওয়া হয়। তদন্তকারীদের দাবি, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে শিক্ষামন্ত্রী থাকাকালীন একটি অনিবন্ধিত সংগঠনের মাধ্যমে ১৭৭টিরও বেশি স্কুলের কাছ থেকে প্রায় ১৭ কোটি ২৬ লক্ষ টাকা তোলা হয়েছিল। পরবর্তীতে সেই টাকা ‘দলীয় তহবিল’ হিসেবে প্রাক্তন মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হতো বলে গুরুতর অভিযোগ উঠে এসেছে।

প্রাক্তন এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে নিজের ব্যক্তিগত সহকারীকে দিয়ে বেআইনি সংগঠন গড়ে তোলা এবং অনিয়মের টাকা হস্তান্তরের জোরালো তথ্যপ্রমাণ মেলায় তাঁকে হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে জানায় পুলিশ। ডিএমকে-র দ্বিতীয় প্রজন্মের অত্যন্ত প্রভাবশালী নেতা এবং উদয়নিধি স্ট্যালিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পোয়ামোঝির বিরুদ্ধে ১৭ কোটিরও বেশি আর্থিক কারচুপির প্রমাণ মেলায় তামিলনাড়ুর রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলায় আর্থিক অনিয়মের মোট পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে এই হেভিওয়েট নেতার গ্রেফতারির পর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছে সমগ্র রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *