অরুণাচল দখল করেছে চিন! ভিডিও বিকৃতির অভিযোগ তুলে কংগ্রেসের ক্ষমা দাবি কিরেণ রিজিজুর

অরুণাচল প্রদেশের একাংশ চিনের দখলে চলে গেছে—কংগ্রেসের এমন বিস্ফোরক দাবি উড়িয়ে দিয়ে ক্ষমা চাওয়ার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সম্প্রতি বিহার কংগ্রেসের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চিনা গাড়ি এবং জওয়ানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ভারতীয় সেনা স্পষ্ট জানিয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিওটি সিকিমের নাথু লা পাস সংলগ্ন বৈধ সীমান্ত ট্রেড পয়েন্টের। সেখানে নিয়ম মেনেই দুই দেশের ব্যবসায়ীদের গাড়ি চলাচল করে। এছাড়া ২০২৩ সালের একটি পুরনো ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ছড়ানোর অভিযোগও তুলেছে সেনা।
এই ভুয়ো প্রচারের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতে এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ভিডিও ছড়ানো হচ্ছে, যা ভারতীয় সেনার ভাবমূর্তিতে কালি লেপনের শামিল। দেশের সুরক্ষার সঙ্গে জড়িত এমন সংবেদনশীল বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য কংগ্রেস নেতৃত্বের দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। যদিও এই বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।