রাষ্ট্রসংঘে ভারতের হুংকার, নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা না দিলে মারাত্মক পরিণতি

রাষ্ট্রসংঘে ভারতের হুংকার, নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা না দিলে মারাত্মক পরিণতি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে তীব্র সোচ্চার হয়েছে ভারত। জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পার্বথনেনি হরিশ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা পরিষদের সংস্কার করা হলে তার প্রতিটি নতুন স্থায়ী সদস্যকে পূর্ণ ভেটো ক্ষমতাসহ সমান অধিকার ও দায়িত্ব দিতে হবে। ভেটো অধিকার ছাড়া কিংবা সীমিত ক্ষমতাসম্পন্ন কোনো পৃথক সদস্য শ্রেণি তৈরির প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে দিল্লি। রাষ্ট্রদূত হরিশ সতর্ক করে বলেছেন, ভেটো সুবিধা ছাড়া নতুন স্থায়ী সদস্য পদ সৃষ্টি করলে সেই দেশগুলো কার্যত দ্বিতীয় শ্রেণীর সদস্যে পরিণত হবে। এতে পরিষদে ৫ স্থায়ী পরাশক্তির একচ্ছত্র নিয়ন্ত্রণ বহাল থেকে যাবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার আসল পরিবর্তন থমকে যাবে।

ভারতের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখনও ১৯৪৫ সালের পুরানো কাঠামো আঁকড়ে বসে রয়েছে, যা একবিংশ শতাব্দীর বৈশ্বিক বাস্তবতার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। নিরাপত্তা পরিষদের ১৫টি আসনের মধ্যে বর্তমানে চীন, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন—এই ৫টি দেশই স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতা ভোগ করছে। এ পর্যন্ত বিভিন্ন প্রস্তাবে ৩৩১ বার ভেটো প্রয়োগের ঘটনা পরিষদের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে বলে ভারত দাবি করে। শুধুমাত্র অস্থায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে সংস্কারের চেষ্টা ব্যর্থ হতে বাধ্য জানিয়ে ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভেটো ক্ষমতার এই ব্যবস্থা যতদিন টিকে থাকবে, ততদিন সংস্কারকৃত পরিষদের সব স্থায়ী সদস্যেরই সমঅধিকার থাকা আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *