এনকাউন্টারে উত্তাল বাংলা! জোড়া মৃত্যুর পর কী বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

বাংলায় একদিনে জোড়া এনকাউন্টারের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনে অভিযুক্ত এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি নেতা খুনে অভিযুক্ত—দুজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় পুলিশি পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও শাসক দলের মন্ত্রী ও নেতারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই কঠোর অবস্থানকে জোরালো সমর্থন জানিয়েছেন। পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সামাজিক মাধ্যমে একটি স্বরচিত কবিতা পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কবিতায় অপরাধ দমনে সরকারের কঠোর মনোভাব প্রকাশ করে অগ্নিমিত্রা লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।” এর আগে মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়েছেন যে, মহিলাদের ওপর অত্যাচার ও অপরাধ দমনে পুলিশকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। বিরোধীদের একাংশ এই ধরনের ঘটনার সমালোচনা করলেও, অপরাধ নির্মূলে প্রশাসনের এই দৃঢ় পদক্ষেপকে সমর্থন জানিয়ে রাজ্যে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও নেতারা।