পর্দায় ফিরল সালমান-ঐশ্বর্যর প্রেম! করবা চৌথের পোস্ট ঘিরে বনশালিকে তুলোধোনা নেটিজেনদের

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয়লীলা বনশালির সাড়া জাগানো ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এর রোম্যান্টিক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছে প্রযোজনা সংস্থা। এই পোস্টের পরেই শুরু হয়েছে বিতর্ক। অতীতে সালমান খান ও ঐশ্বর্য রাইয়ের ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা এবং বিচ্ছেদের কথা সকলেরই জানা। বর্তমানে ঐশ্বর্য বচ্চন পরিবারের বধূ এবং সালমান সিঙ্গল। এহেন পরিস্থিতিতে প্রাক্তন এই জুটির পুরোনো রোম্যান্টিক মুহূর্ত করবা চৌথের মতো উৎসবে ব্যবহার করায় ক্ষোভে ফেটে পড়েছেন রাই সুন্দরীর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা এবং খোদ পরিচালক সঞ্জয়লীলা বনশালির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
অনেকেই এই ঘটনাকে সস্তা প্রচারের কৌশল বলে কটাক্ষ করেছেন। আগামী দিনে বনশালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির অপেক্ষায় রয়েছে, আর সেই কারণেই ইচ্ছাকৃতভাবে এই বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। ছবির সেট থেকে শুরু হওয়া সেই পুরোনো প্রেমের স্মৃতি এভাবে প্রকাশ্যে আনাকে অত্যন্ত জঘন্য এবং অসুস্থ মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন সোশালপাড়ার একাংশ। অতীত ভুলে যাওয়া উচিত ছিল এমনটাই মনে করছেন সমালোচকরা।