বিচ্ছেদ চর্চার অবসান! দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানলেন ইব্রাহিম ও পলক?

বলিউডের অন্যতম চর্চিত জুটি ইব্রাহিম আলি খান এবং পলক তিওয়ারির সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, তিন বছরের বেশি সময় ধরে চলা সম্পর্কের পর অবশেষে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নাকি আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। সূত্র মারফত জানা যাচ্ছে, এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্তটি মূলত ইব্রাহিমই নিয়েছেন। তবে এই বিচ্ছেদের খবরের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত ইব্রাহিম বা পলক— কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
২০২২ সালে মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পরই তাঁদের প্রেমের গুঞ্জন প্রথম প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও অবকাশযাপনে তাঁদের একসঙ্গে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই নীরব থেকেছেন এই তারকা সন্তানরা। বর্তমানে তাঁরা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বিতর্কে জড়াতে নারাজ এবং পুরোদমে নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। এই বিচ্ছেদের ফলে তাঁদের একসঙ্গে কাজের কিছু পরিকল্পনাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।