মুর্শিদাবাদ ভাঙার তোড়জোড়! নতুন জেলার নাম ‘মুর্শিদাবাদ উত্তর’ করার জোরালো প্রস্তাব সর্বদল বৈঠকে

রাজ্যে নতুন জেলা তৈরির প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী, মুর্শিদাবাদ জেলাকে ভেঙে দুটি ভাগে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলার রাজনৈতিক দলগুলির মতামত নিতে মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুনের নেতৃত্বে বহরমপুর জেলাশাসক ভবনের সভাকক্ষে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রস্তাবিত নতুন জেলার নামকরণ এবং ভৌগোলিক সীমানা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তাবিত নতুন জেলাটি মূলত বহরমপুর, কান্দি, ডোমকল, লালবাগ ও জঙ্গিপুর— এই পাঁচ মহকুমার মধ্যে থাকা জঙ্গিপুর পুলিশ জেলার এলাকাগুলি নিয়ে গঠিত হতে চলেছে। অর্থাৎ, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জ ও ফরাক্কা— এই পাঁচটি থানা, ছয়টি বিধানসভা কেন্দ্র এবং সাতটি ব্লক নিয়ে এই নতুন জেলা আত্মপ্রকাশ করবে। বাকি চার মহকুমা নিয়ে মূল মুর্শিদাবাদ জেলাটি অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
তবে নতুন এই জেলার নাম কী হবে, তা নিয়ে বৈঠকে একাধিক বিকল্প প্রস্তাব উঠে এসেছে এবং রাজনৈতিক মহলে নানা মত প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবারের এই বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস, বিজেপির প্রতিনিধি তথা জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় এবং কংগ্রেসের জেলা সভাপতি মহম্মদ আব্দুল্লাহিল কাফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার নাম মুছে না ফেলার পক্ষে জোরালো সওয়াল করেছেন প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই প্রেক্ষিতে নতুন জেলার নাম ‘মুর্শিদাবাদ উত্তর’ করার প্রস্তাব দিয়েছেন তাঁরা। জেলাশাসক সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত ও প্রস্তাবগুলি নোট করে নিয়েছেন এবং এই প্রশাসনিক পদক্ষেপের জেরে আগামী দিনে রাজ্যের মানচিত্রে নতুন এই জেলা আত্মপ্রকাশের প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল।