অঘটন রুখতে মরিয়া তৃণমূল সাংসদ! সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি

অঘটন রুখতে মরিয়া তৃণমূল সাংসদ! সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা পুলিশের কাছে জমা দেওয়া গোপন তথ্য ও ব্যক্তিগত নথি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়ে যাচ্ছে— এমন অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দরবারে পৌঁছেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ নথি বাইরে ফাঁস হওয়ার কারণে কেবল তাঁর ব্যক্তিগত সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে না, বরং মূল তদন্তও ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। এর আগে কলকাতা হাইকোর্টে পুলিশি তথ্য ফাঁস আটকানো ও সংবাদমাধ্যমের রিপোর্টিংয়ে লাগাম টানার আর্জি জানিয়ে মামলা করলেও আদালত এতে আশু গুরুত্ব দেয়নি। সেই কারণেই এবার দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয় বলে উপযুক্ত বেঞ্চে যাওয়ার নির্দেশ দেন। পরবর্তীকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চও মামলাটিতে জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি হয়নি। হাইকোর্টে পর পর ধাক্কা খাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান, যাতে আদালত পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলোকে তথ্য গোপন রাখতে নির্দেশ দেয় এবং তদন্ত প্রভাবিত করে— এমন খবর প্রকাশ থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার নির্দেশ জারি করে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *