রোগীর ডিসচার্জ পেপারে বিশেষ সক্ষম লেখার চাপ! সুপারের ঘরে ঢুকে বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক হুমকির অভিযোগ

রোগীর ডিসচার্জ পেপারে বিশেষ সক্ষম লেখার চাপ! সুপারের ঘরে ঢুকে বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক হুমকির অভিযোগ

রানাঘাট মহকুমা হাসপাতালে এক রোগিণীর ডিসচার্জ পেপারে ‘প্রতিবন্ধী’ ও সই করার অক্ষমতা উল্লেখ করার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ উঠল বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপন ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালের সুপারের চেম্বারে প্রবেশ করে এই চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। সংশ্লিষ্ট রোগীকে সরাসরি পরীক্ষা না করেই নথিতে এই মন্তব্য লেখার নির্দেশ দেওয়া হলে সুপার প্রহ্লাদ অধিকারী তা নিয়মবহির্ভূত বলে জানান। এরপরই ওই বিজেপি নেতার বিরুদ্ধে সুপারের সাথে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে অবিলম্বে রানাঘাট থানার পুলিশ আধিকারিকেরা হাসপাতালে পৌঁছন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই চাঞ্চল্যকর ঘটনার পর হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী নিজেই রানাঘাট থানায় অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রকাশ্যে এমন হুমকির জেরে সুপার নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিজেপি নেতা স্বপন ঘোষ। তাঁর দাবি, ওই মহিলার অন্নপূর্ণা যোজনার ভাতা যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায়, সেই মানবিক কারণেই তিনি সুপারকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বর্তমানে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় মহলে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *