কেন্দ্রের টাকা আটকে রাজ্যে? লালফিতের গেরো কাটাতে নবান্নের নজিরবিহীন পদক্ষেপ!

রাজ্যে চলমান ও থমকে থাকা নানা কেন্দ্রীয় প্রকল্পে গতি আনতে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিল নবান্ন। লালফিতের গেরো কাটিয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের মাসে অন্তত একবার দিল্লি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠক করে প্রকল্পের অনুমোদন, অর্থ বরাদ্দ এবং প্রযুক্তিগত জটিলতা দ্রুত মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। দীর্ঘদিন ধরে প্রশাসনিক ফাইল আটকে থাকার সংস্কৃতি দূর করে কেন্দ্রীয় প্রকল্পের কাজ ত্বরান্বিত করতেই এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, স্রেফ চিঠি বা ই-মেল পাঠিয়েই দায়িত্ব শেষ করা যাবে না; বরং প্রকল্পের কাজ কতদূর এগোল তার রিপোর্ট নিয়ে সরাসরি দিল্লিতে তদারকি করতে হবে। নবান্নের স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত যেকোনো প্রকল্পের জটিলতা মেটাতে মুখোমুখি আলোচনার বিকল্প নেই। অনুমোদন ও বরাদ্দ আটকে থাকা প্রকল্পগুলোকে দ্রুত সচল করে তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই রাজ্য সরকারের এই কড়া প্রশাসনিক সিদ্ধান্ত।