বুর্জ খলিফা থেকে সিঙ্গাপুর, ভারতীয় পর্যটকদের জন্য ইতিহাস গড়া বড় সুখবর

বিদেশে পা রেখেই আর ক্রেডিট কার্ড বা বিদেশি মুদ্রা ভাঙানোর ঝক্কি পোহাতে হবে না ভারতীয় পর্যটকদের। এবার থেকে দুবাইয়ের বিশ্ববিখ্যাত বুর্জ খলিফা এবং সিঙ্গাপুরের রিসর্টস ওয়ার্ল্ড সেন্টোসার মতো আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলোর অনলাইন টিকিট বুকিংয়ে সরাসরি ব্যবহার করা যাবে ভারতের নিজস্ব ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই (UPI)। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র আন্তর্জাতিক শাখার যৌথ উদ্যোগে এই যুগান্তকারী পরিষেবা চালু হয়েছে। ফলে আন্তর্জাতিক ভ্রমণের সময় ভারতীয়দের লেনদেনের প্রক্রিয়া যেমন অনেক বেশি সুবিধাজনক হবে, তেমনই আন্তর্জাতিক বাজারে ভারতের প্রযুক্তির গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে।
ফ্রান্সের আইফেল টাওয়ার থেকে শুরু করে দুবাই, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল, শ্রীলঙ্কা এবং গ্রিস সহ বিশ্বের অন্তত ১০টি দেশে ইতিমধ্যেই বিস্তার লাভ করেছে ভারতের এই পেমেন্ট ব্যবস্থা। সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও ও আইকনিক স্থানগুলিতে সহজেই টিকিট বুক করা যাচ্ছে এই উপায়ে। দ্রুত উজবেকিস্তানেও এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ডিজিটাল অর্থনীতির এটি একটি অভূতপূর্ব সাফল্য, যা বিশ্বমঞ্চে ভারতীয়দের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।