যেখানে সই করতে বলা হয়েছে সেখানেই করেছি, লালবাজারের জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি ইন্দ্রনীল সেনের স্ত্রীর

যেখানে সই করতে বলা হয়েছে সেখানেই করেছি, লালবাজারের জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি ইন্দ্রনীল সেনের স্ত্রীর

ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর বেআইনি পাস বিক্রির মামলায় এবার লালবাজারের গোয়েন্দাদের মুখোমুখি প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। ‘মাস আর্ট’ সংস্থার প্রেসিডেন্ট পদে থাকা মধুছন্দাকে শনিবার রাত আটটা পর্যন্ত দফায় দফায় জেরা করেন ‘সিট’-এর আধিকারিকরা। বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ব্যবহার এবং সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ নথিতে তাঁর সই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্য কর্তাদের নির্দেশেই তিনি বিভিন্ন জায়গায় সই করেছিলেন। পুলিশ খতিয়ে দেখছে এই বিষয়ে তাঁর ওপর প্রাক্তন মন্ত্রীর কোনো চাপ ছিল কিনা। তদন্তে উঠে এসেছে সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি বসুর নামও।

অন্যদিকে তদন্তের জল গড়িয়েছে পরিবার পর্যন্ত। গোয়েন্দা সূত্রে খবর, ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ এক সংস্থা থেকে ৬৬ লাখ টাকা ‘মাস আর্ট’-এ পাঠানো হয়েছিল, যার একটি বড় অংশ ছড়িয়ে পড়েছিল আইস্কেপ ও মায়রা নামক দুটি সংস্থায়। এই দুটি সংস্থা ইন্দ্রনীল সেনের মেয়ে নিয়ন্ত্রণ করতেন বলে পুলিশের কাছে তথ্য পৌঁছেছে। সেই সূত্র ধরে এবার তাঁর মেয়েকেও লালবাজারে তলব করার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপে বিজ্ঞাপন ও এলইডিয়ার গেট বসিয়ে যে সামান্য অর্থের বিনিময়ে উদ্যোক্তাদের সন্তুষ্ট রাখা হতো, তা নিয়ে তথ্য সংগ্রহ করতে ইন্দ্রনীল ঘনিষ্ঠ কর্মচারীদেরও একে একে জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে লালবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *