১৮ তলা থেকে ৬ বছরের সন্তানসহ ঝাঁপ মায়ের, চিরকুটে লিখে গেলেন স্বামীর জন্য এক অবিশ্বাস্য শেষ ইচ্ছা

মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের এক আবাসন প্রাঙ্গণে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ডাঙ্গে চক এলাকার সিগনেচার পার্ক আবাসনের ১৮ তলা থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী একতা বাঙ্গড় এবং তাঁর ৬ বছরের শিশুসন্তান মাধবের। মৃতার স্বামী পুনের একটি খ্যাতনামা তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে, একতা নিজের ৬ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে আবাসনের ১৮ তলায় উঠে যান এবং সেখান থেকে তারা নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ ৭-৮ পাতার একটি দীর্ঘ চিঠি উদ্ধার করেছে, যা ঘটনার তদন্তে মোড় এনে দিয়েছে। চিরকুটে একতা তাঁর স্বামীর উদ্দেশ্যে দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করার অনুরোধ জানিয়ে গেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের যন্ত্রণাদায়ক সমস্যায় ভোগা এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে। ওয়াকাড থানার পুলিশ ঘটনার খবর পেয়ে সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং দেহ দুটি ময়নাতদন্তের জন্য ওয়াইসিএম হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো বিষয়টি অত্যন্ত গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।