৪০টি বিলাসবহুল ভিলা, কোটি টাকার রিসর্ট! কীভাবে দুর্নীতির জাল বিছিয়ে সাম্রাজ্য গড়লেন IAS-IPS দম্পতি?

রাজস্থানে দুর্নীতিদমন শাখার চোখ কপালে তুলে দিয়েছেন এক হেভিওয়েট আইএএস ও আইপিএস দম্পতি। আড়াই বছরের মধ্যে কোটি কোটি টাকার বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছেন রাজস্থানের শিল্প দপ্তরের প্রাক্তন অতিরিক্ত প্রধান সচিব শিখর আগারওয়াল এবং তাঁর আইপিএস স্ত্রী প্রশাখা মাথুর। সরকারি ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট সংস্থাকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া ও রাজস্থানের উদয়পুর এবং আলওয়ারে অন্তত ৪০টি বিলাসবহুল ভিলা কেনার মারাত্মক অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
আদালত ও প্রশাসনিক নথিতে দেখা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে নিজেদের, সন্তানদের এবং বাবা-মায়ের নামে ৬ কোটি ১৬ লক্ষ টাকার বেশি মূল্যের এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন তাঁরা। বিতর্কিত সংস্থাকে কম খরচে নির্মাণের বরাত দেওয়ার পর, সেই ব্র্যান্ডেরই রিসর্ট কিনে আবার মোটা টাকায় লিজ দিয়ে বছরে প্রায় ২ কোটি টাকা আয় করতেন এই দম্পতি। জালিয়াতি ও সরকারি কোষাগারের ক্ষতির বিস্ফোরক তথ্য সামনে আসতেই ইতিমধ্যেই অভিযুক্ত উভয় আধিকারিককে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে।