সরকার পতনের মুখে মেঘালয়? একা পড়ে রইলেন সভাপতি, ১১ বিধায়কের দলবদলে তোলপাড় রাজনীতি!

মেঘালয়ের রাজনীতিতে আচমকাই বিরাট ওলটপালট। রাজ্যে একসময় ‘কিংমেকার’ হিসেবে বিবেচিত ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) চরম রাজনৈতিক সংকটের মুখে পড়ে কার্যত অস্তিত্ব সংকটে। দলের ১২ জন বিধায়কের মধ্যে ১১ জনই একসঙ্গে দল ত্যাগ করায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, দলত্যাগী বিধায়কদের মধ্যে ৮ জন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) এবং ৩ জন শাসক দল ন্যাশনাল পিপলস পার্টিতে (এনপিপি) যোগ দিয়েছেন। রাজনৈতিক নেতৃত্বের অভ্যন্তরীণ মতবিরোধ ও সাংগঠনিক দুর্বলতার কারণেই এই বিশাল ভাঙন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিধায়কদের এই গণহারে দলবদলের ধাক্কায় ইউডিপি সভাপতি তথা বিধানসভার স্পিকার মেতবাহ লিংদোহ কনরাড সাংমার নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ইস্তফা দিলেও বর্তমানে দলের একমাত্র বিধায়ক হিসেবে তিনিই ইউডিপিতে রয়ে গিয়েছেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর এনপিপি-র জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউডিপি, কিন্তু এই আকস্মিক দলবদলের ঘটনায় রাজ্য রাজনীতির পুরো সমীকরণই বদলে গেল। এই বড়সড় রাজনৈতিক রদবদল উত্তর-পূর্বের রাজনীতিতে এক নতুন মোড় আনল।