‘বাঁশি নয়, ধনুকই আসল!’ রামের প্রশংসা করতে গিয়ে কৃষ্ণকে কটাক্ষ বাগেশ্বর বাবার?

রামের গুণগান গাইতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়লেন মধ্যপ্রদেশের বিতর্কিত তরুণ সন্ন্যাসী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামেই অধিক পরিচিত। মধ্যপ্রদেশের শিবপুরীতে আয়োজিত এক ‘রামকথা’ অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের রূপের তুলনা করতে গিয়ে তিনি বলেন, কৃষ্ণের বাঁশি কোনো কাজের নয় এবং তাঁর বাঁকা ভঙ্গি অর্থহীন, বরং রামের ধনুকই আসল। বাগেশ্বর বাবার এই ধরনের মন্তব্যের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়াতেই তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।
বিশেষ করে কৃষ্ণভূমি মথুরা ও বৃন্দাবনের সাধু-সন্ত এবং সাধারণ ভক্তরা ধীরেন্দ্র শাস্ত্রীর এই মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। বিতর্ক তুঙ্গে উঠতেই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ক্ষমা চান এই তরুণ সন্ন্যাসী। তবে এতেও তাঁর ওপর থেকে সমালোচনার আঁচ কমেনি। অতীতেও নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসা বাগেশ্বর বাবার এই নতুন পদক্ষেপে ভক্তদের ধর্মীয় আবেগে গভীর আঘাত লেগেছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।