ব্যক্তিগত তথ্য ফাঁস মামলা, হাই কোর্টকে অভিষেকের আবেদন বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, তদন্ত সংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশ্যে এসে মিডিয়া ট্রায়াল চলছে, যা হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো সত্ত্বেও সুরাহা পায়নি। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট মামলার মূল বিষয়ে প্রবেশ না করে হাই কোর্টকে অনুরোধ করেছে অভিষেকের আবেদনটি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে। আগামী ১৬ নভেম্বর হাই কোর্ট খুললে এই বিষয়ে নতুন করে আবেদন করা যাবে।
রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন তদন্তের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময়কার গোপন তথ্য ও প্রশ্নপত্র সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার ফলে তদন্ত প্রক্রিয়া যেমন প্রভাবিত হচ্ছে, তেমনই তাঁর ব্যক্তিগত সুনাম ও গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এর প্রতিকার চেয়ে তিনি হাই কোর্টে আবেদন করেছিলেন যাতে পুলিশ বা তদন্তকারী সংস্থাগুলি তথ্য বাইরে প্রকাশ না করে এবং সংবাদমাধ্যমও সম্মানহানি হয় এমন খবর প্রকাশ থেকে বিরত থাকে। কিন্তু হাই কোর্টের বিভিন্ন এজলাসে বার বার দ্রুত শুনানির আর্জি জানিয়েও কোনও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপে মামলার পরবর্তী আইনি পদক্ষেপে নতুন আশার সঞ্চার হয়েছে।