স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন স্ত্রী! কোটি টাকার পুজো পাস দুর্নীতিতে লালবাজারে তলব ইন্দ্রনীল-কন্যাকে

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ ও ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’র ভুয়ো পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের পর এ বার পুলিশের নজর তাঁর পরিবারে। তদন্তে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে। পুলিশ সূত্রে খবর, জেরায় মধুছন্দা দাবি করেছেন যে ইন্দ্রনীল তাঁর কথা শুনতেন না এবং তাঁদের মধ্যে মতানৈক্য ছিল। যদিও হাই কোর্টের রক্ষাকবচ থাকায় আপাতত তাঁকে গ্রেফতার করা সম্ভব নয়। ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার মাধ্যমে ইউনেস্কোর নাম বেআইনিভাবে ব্যবহার করে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ।
তদন্তকারীদের স্ক্যানারে এখন সেন দম্পতির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অভিযোগ উঠেছে, বেআইনি লেনদেনের টাকা প্রাক্তন মন্ত্রীর কন্যার অ্যাকাউন্টেও পাঠানো হয়েছে। এই ঘটনার সঠিক তথ্য জানতে ও লেনদেনের রহস্য ভেদ করতে সেন দম্পতির কন্যাকেও মঙ্গলবার দুপুর ২টোয় লালবাজারে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি, মামলার এফআইআর-এ নাম থাকা অন্যান্য অভিযুক্তদেরও ধাপে ধাপে তলব করা হবে বলে লালবাজার সূত্রের খবর। ইউনেস্কোর জালিয়াতি ও আর্থিক দুর্নীতির এই অভিযোগে রাজ্য রাজনীতিতে আলোড়ন তীব্রতর হয়েছে।