রুবির মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা! চোখের সামনে রক্তাক্ত ভ্যানচালককে দেখে গাড়ি থামিয়ে যা করলেন সাংসদ জ্যোতির্ময়

রুবির মোড়ের কাছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক জখম হলেন চার জন। সোমবার কলেজ স্ট্রিটে বিজেপির কর্মসূচি থেকে ফেরার পথে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতো। আহতদের শোচনীয় অবস্থা দেখে মুহূর্তের মধ্যে নিজের গাড়ি থেকে নেমে পড়েন তিনি এবং তৎপরতার সঙ্গে তাদের উদ্ধার করে দ্রুত এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে মহম্মদ রাজা এবং শেখ সাবলু আলির মাথায় গুরুতর চোট থাকায় তাঁদের সিসিইউ-তে রেখে চিকিৎসা চলছে। বাকি দুই আহত মীর আলি ও দীপক দাসকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, সাংসদের এই সময়োচিত ও মানবিক পদক্ষেপে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ায় বড় ধরণের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ভ্যানটির যাত্রীরা।