ভোটার তালিকা নিয়ে বিতর্ক! ফর্ম-৬ সংক্রান্ত জটিলতা কাটাতে বড় নির্দেশ দিল কমিশন

ভোটার তালিকা নিয়ে বিতর্ক! ফর্ম-৬ সংক্রান্ত জটিলতা কাটাতে বড় নির্দেশ দিল কমিশন

 

ভোটার তালিকায় নাম বাদ পড়লে ‘ফর্ম-৬’ পূরণে ভয় নেই, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় ও আতঙ্ক তৈরি হয়েছিল, তা দূর করতে বড়সড় নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসআইআর (SIR)-এর কারণে যাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা পুনরায় নাম অন্তর্ভুক্তির জন্য ‘ফর্ম-৬’ পূরণ করলে কোনো আইনি শাস্তির মুখে পড়বেন না।

নিয়ম অনুযায়ী, নতুন ভোটাররাই সাধারণত ফর্ম-৬ পূরণ করেন। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিরা পুনরায় এই ফর্ম পূরণ করতে গেলে আইনত ‘মিথ্যা তথ্য’ প্রদানের দায়ে অভিযুক্ত হওয়ার আশঙ্কায় ভুগছিলেন। জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী, ভোটার তালিকায় ভুয়া তথ্য দিলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্ট এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও সাধারণ ভোটারদের মধ্যে দ্বিধাবোধ কাটছিল না। কমিশনের এই অস্পষ্ট অবস্থানের কারণে রাজনৈতিক মহলেও বিতর্ক দানা বেঁধেছিল।

এই বিভ্রান্তি নিরসনে মঙ্গলবার নির্বাচন সদন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে জরুরি নির্দেশিকা পাঠিয়েছে। কমিশন সাফ জানিয়েছে, যেসব ভোটারের নাম আগে তালিকায় ছিল কিন্তু বর্তমানে বাদ পড়েছে, তাঁরা নতুন করে ফর্ম-৬ জমা দিলে সেটিকে মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য করা হবে না। ফলে তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না।

তবে এই ছাড়ের ক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছে কমিশন। আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তাঁর নাম অন্য কোনো লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নেই। অর্থাৎ, শুধুমাত্র বাদ পড়া নাম পুনরুদ্ধারের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। সাধারণ মানুষের সুবিধার্থে এই নির্দেশিকা স্থানীয় ভাষায় প্রচার করার জন্য সিইও-দের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *