সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতার বার্তা, তথ্যের গুণগত মানে আপস নয়: এস মহেন্দ্র দেব

সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতার বার্তা, তথ্যের গুণগত মানে আপস নয়: এস মহেন্দ্র দেব

 

সরকারি পরিসংখ্যানের স্বচ্ছতা ও গুণগত মানে কোনো আপস নয়: এস মহেন্দ্র দেব

নিজস্ব প্রতিবেদন: ভারতের মতো দ্রুত উন্নয়নশীল দেশে সরকারি তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতার ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এস মহেন্দ্র দেব। মঙ্গলবার কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ আয়োজিত এক কনক্লেভে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

‘ইন্ডিয়ান অফিসিয়াল স্ট্যাটিস্টিকস কনক্লেভ অন থিওরেটিক্যাল অ্যান্ড এমপিরিক্যাল ইস্যুজ’ শীর্ষক ওই আলোচনায় এস মহেন্দ্র দেব বলেন, সরকারি পরিসংখ্যান সংগ্রহ, তার যাচাইকরণ এবং নীতিনির্ধারণে কার্যকর প্রয়োগের ক্ষেত্রে তথ্যের ওপর ভিত্তি করে তৈরি অ্যালগরিদমের গুরুত্ব অপরিসীম। তিনি জোর দিয়ে বলেন, সঠিক ও নিরবচ্ছিন্ন তথ্যের জোগান নিশ্চিত করতে ভারত সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।

দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি জানান, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও গত তিন বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে প্রায় ৭.৯ শতাংশ বজায় রয়েছে। বিশ্ব অর্থনীতির নিরিখে এই পরিসংখ্যান অত্যন্ত ইতিবাচক ও ঈর্ষণীয়।

আইএসআই চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী এই কনক্লেভের প্রথম দিনে মূলত ডাটা সায়েন্সের ভূমিকা ও এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসআইয়ের অধিকর্তা অধ্যাপক অমর্ত্য কুমার দত্তসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। বুধবার কনক্লেভের শেষ দিনে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা সরকারি পরিসংখ্যানের ভবিষ্যৎ দিশা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *