কালীপুজোয় কড়া নজরদারি, বারাসাতে মোতায়েন আড়াই হাজার পুলিশ!

কালীপুজোয় কড়া নজরদারি, বারাসাতে মোতায়েন আড়াই হাজার পুলিশ!

 

কালীপুজোয় নিরাপত্তার বজ্রআঁটুনি বারাসাতে, থাকছে বিশেষ পুলিশি নজরদারি ও মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন, বারাসাত: আসন্ন কালীপুজো ও উৎসবের মরসুমে শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি শুরু করল বারাসাত জেলা পুলিশ। পাঁচদিনের এই উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে প্রায় আড়াই হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ মানবিক উদ্যোগ।

পুলিশ সূত্রে খবর, বুধবার থেকেই বিশেষ অভিযানে নেমেছে বারাসাত জেলা পুলিশ। শহরের বিভিন্ন হোটেল, লজ ও গেস্ট হাউসে শুরু হয়েছে তল্লাশি। গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নাকা চেকিং। ভিড়ের মধ্যে পকেটমারি, ছিনতাই ও চুরির মতো অপরাধ রুখতে সাদা পোশাকের পুলিশকর্মীরা নিয়মিত নজরদারি চালাবেন। পাশাপাশি, সন্দেহজনক গতিবিধি নজরে এলেই দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বারাসাত থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে শহরের জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুজোর দিনগুলিতে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা মোকাবিলা করা পুলিশের অন্যতম চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে ইতিমধ্যে কিছু এলাকাকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে বাইক টহলদারি বাড়ানো হয়েছে। এছাড়া, পুজোর শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুজো কমিটিগুলির সঙ্গেও নিয়মিত সমন্বয় রক্ষা করছে প্রশাসন।

নিরাপত্তার বিষয়ে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, “সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ দমনে নাকা চেকিং ও সাদা পোশাকের পুলিশের টহল চলবে। এছাড়া, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষমদের গাড়িতে করে ঠাকুর দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে উৎসবের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হন।”

সম্প্রতি দোলতলা পুলিশ লাইনে আয়োজিত এক বিজয় সম্মিলনী অনুষ্ঠানে পুলিশ সুপার জে মার্সি ও স্থানীয় বিধায়ক শংকর চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখানে বারাসাতের কালীপুজোকে কলঙ্কমুক্ত ও শান্তিপূর্ণ রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সবমিলিয়ে উৎসবের দিনগুলিতে বারাসাতবাসীকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *