মাত্র ১০০০ টাকা পেনশন নিয়ে বাঁচা দায়, মোদীর হস্তক্ষেপ চেয়ে এক লক্ষ প্রবীণের আকুল আবেদন!

ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ প্রবীণরা, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: আজকের বাজারে মাত্র এক হাজার টাকা পেনশনে সংসার চালানো অসম্ভব—এই বাস্তবতাকে সামনে রেখে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন প্রবীণ নাগরিকরা। ইপিএস-৯৫ প্রকল্পের আওতাভুক্ত প্রায় ৮১ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর সংগঠন ‘ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি’র নেতৃত্বে দেশজুড়ে এই জোরালো আন্দোলন শুরু হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীকে এক লক্ষ চিঠি পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশজুড়ে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
পেনশনভোগীদের প্রধান তিনটি দাবির মধ্যে রয়েছে— ন্যূনতম পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করা, পেনশনের সাথে মহার্ঘ ভাতা (ডিএ) যুক্ত করা এবং অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের জীবনসঙ্গীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা। এছাড়া, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী উচ্চহারে পেনশনের আবেদনকারী অবসরপ্রাপ্তদের প্রাপ্য সুবিধা প্রদানের দাবিও জানিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের অভিযোগ, বারবার স্মারকলিপি প্রদান ও শান্তিপূর্ণ আন্দোলনের পরেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সুরাহা মেলেনি। এ প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে তাঁরা জানান, কমিটি নিজেও এক হাজার টাকা পেনশনকে ‘অতিসামান্য’ বলে অভিহিত করেছে এবং প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের স্বার্থে পেনশন বৃদ্ধির সুপারিশ করেছে। সংবিধানে ৪১ নম্বর ধারায় বার্ধক্যে রাষ্ট্রের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
রাজ্য শাখার সভাপতি তপন দত্ত জানিয়েছেন, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর দেশজুড়ে ইপিএফও-র আঞ্চলিক অফিসগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে ১৬ নভেম্বর রাজ্যের জলপাইগুড়ি ও সল্টলেকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শিত হবে। এছাড়া ১৯ নভেম্বর গুজরাতের গিরে অনুষ্ঠিতব্য পিএফের কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকের বাইরেও হাজার হাজার পেনশনভোগী বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
আন্দোলনকারীদের আশঙ্কা, অতীতের মতো এবারও বিক্ষোভের আঁচ পেয়ে কেন্দ্র সরকার বৈঠকের স্থান পরিবর্তন করতে পারে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই লড়াই অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় আট লক্ষ পেনশনভোগী এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন।