মুক্তির আগেই রেকর্ড! ৬৬৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে কোন ঝড় তুলতে চলেছে শাহরুখের ‘কিং’?

কোভিড-পরবর্তী অধ্যায়ে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার পর, এবার ছাব্বিশের শীতের সিনেবাজার কাঁপাতে আসছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে আসার আগেই তাঁর বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটি ক্যাশবাক্সে জমা করেছে অবিশ্বাস্য ৬৬৫ কোটি টাকা। দেশ ও বিদেশের থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, ওটিটি স্বত্ব, স্যাটেলাইট চুক্তি এবং মিউজিক রাইটস বিক্রি করেই এই বিপুল অঙ্কের আয় হয়েছে। বলিপাড়ায় গুঞ্জন, ছবির এই রেকর্ড পরিমাণ অগ্রিম ব্যবসা দেখে সিনেবিশেষজ্ঞরা একে বক্স অফিসের সমস্ত আগের রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছেন।
বলিউড সূত্রে খবর, বিদেশি ডিস্ট্রিবিউশনের স্বত্ব ১৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিরল মাইলফলক। পাশাপাশি, ভারতের থিয়েট্রিক্যাল রাইটস ২৫০ কোটি টাকায় এবং নেটফ্লিক্স ১৫০ কোটি টাকায় এর স্ট্রিমিং রাইটস কিনেছে। এর সঙ্গে স্যাটেলাইট থেকে ২৫ কোটি এবং মিউজিক রাইটস থেকে এসেছে আরও ৬৫ কোটি টাকা। ওটিটি চুক্তিতে বিশেষ শর্ত হিসেবে ‘থিয়েট্রিক্যাল পারফরম্যান্স রাইডার’ যুক্ত থাকায় প্রেক্ষাগৃহে ছবিটির সফলতার ওপর নির্ভর করে চূড়ান্ত মূল্য আরও বাড়তে পারে। সব মিলিয়ে মুক্তির আগেই কিং খানের এই ছবি নতুন ইতিহাস তৈরি করেছে।