কৃষি ভবনের শতাব্দী প্রাচীন মসজিদ ভাঙতে কেন মরিয়া কেন্দ্র, দিল্লি হাই কোর্টে চাঞ্চল্যকর যুক্তি

সেন্ট্রাল ভিস্তা পুনর্উন্নয়ন প্রকল্পের আওতায় রাজধানী দিল্লির কৃষি ভবন চত্বরে অবস্থিত ঐতিহাসিক কাদিমি মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি দিল্লি হাই কোর্টে জমা দেওয়া একটি হলফনামায় কেন্দ্র সাফ জানিয়েছে, সরকারি প্রশাসনিক কমপ্লেক্সের ভেতরে কোনো স্থায়ী ধর্মীয় ভবন থাকা অনুচিত। এটি সরকারি সম্পত্তির ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় সচিবালয় কমপ্লেক্স কেবল সরকারি ও প্রশাসনিক কাজের জন্য নির্ধারিত, তাই চত্বরের ভেতরের কোনো বিশেষ প্রার্থনা স্থান বহাল রাখা বা সংরক্ষণের দাবি গ্রহণযোগ্য নয়।
কেন্দ্র আরও উল্লেখ করেছে, ১৯৪০ সালের এক চুক্তির মাধ্যমে উক্ত মসজিদের কমিটিকে কেবল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, ফলে এই জমির ওপর তাদের কোনো আইনি মালিকানা স্বত্ব জন্মায়নি। এই যুক্তিতে মসজিদ কমিটি কর্তৃক বিকল্প জমি প্রদান কিংবা স্থানান্তরের সমস্ত দাবিই খারিজ করেছে সরকার। অন্যদিকে, ঐতিহ্যবাহী এই স্থাপনাটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আগেই উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিল কাদিমি মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি। আগামী ২৩ নভেম্বর দিল্লি হাই কোর্টে এই বহুল আলোচিত মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।