ভারত-পাক সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল রেললাইন!

ভারত-পাক সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল রেললাইন!

 

রেললাইনে শক্তিশালী বিস্ফোরণ, নাশকতার আশঙ্কায় তদন্তে এএসটি ও সিআইডি

নিজস্ব প্রতিবেদক: রাজস্থানের শ্রী গঙ্গানগর সংলগ্ন এলাকায় রেললাইনে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। তবে বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে অনুপগড়-ভাটিন্ডা এক্সপ্রেস, কারণ এর মাত্র ৪৫ মিনিট আগেই ট্রেনটি ওই এলাকা অতিক্রম করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা নাগাদ অনুপগড় থেকে সুরতগড়গামী এক্সপ্রেস ট্রেনটি ওই নির্দিষ্ট অংশ পার হয়। এর ৪৫ মিনিট পরই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় ২০০ মিটার দূর থেকেও তা স্পষ্ট শোনা গেছে। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (ATS), সিআইডি (CID), ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড, ফরেনসিক বিশেষজ্ঞ এবং রেলওয়ের কারিগরি দল। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অনুপগড়-সুরতগড় সেকশনে সমস্ত ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাকের জরুরি মেরামত এবং নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না মেলা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

শ্রী গঙ্গানগরের এসপি হরিশঙ্করের নির্দেশে ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি ট্রেনটিকে ওড়ানোর কোনো সুপরিকল্পিত নাশকতার ছক ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো দেশবিরোধী বা সমাজবিরোধী চক্রের হাত রয়েছে কি না, তা নিয়ে জোর অনুসন্ধান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *