মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, রিপাবলিকানদের নিয়ে কী বললেন ট্রাম্প?

নির্বাচনী ফলে রিপাবলিকানদের ভরাডুবিতে ক্ষুব্ধ ট্রাম্প, দায়ী করলেন অ্যাবট ও ইরানকে
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটসহ দলের বেশ কিছু নেতার সমালোচনা করেছেন তিনি।
টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে গ্রেগ অ্যাবটের পরাজয়কে কেন্দ্র করে ট্রাম্প দাবি করেছেন, গত ছয় মাসে অ্যাবট ‘আরআইএনও’ বা ‘নামমাত্র রিপাবলিকান’ (রিপাবলিকান ইন নেইম অনলি) হিসেবে কাজ করার কারণেই এই পরাজয় ঘটেছে। ট্রাম্পের মতে, অ্যাবট তার পুরোনো রাজনৈতিক কৌশলে ফিরে গেলে ফল ভিন্ন হতে পারত।
নির্বাচনী ফলাফলে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, “আমি ভেবেছিলাম রিপাবলিকানরা আরও ভালো করবে। ডেমোক্র্যাটরা কঠোর লড়াই করেছে এবং ভালো কাজ করেছে।” তবে তিনি আত্মবিশ্বাসের সাথে যোগ করেন, যদি তিনি নিজে ব্যালটে থাকতেন, তবে রিপাবলিকানরা বিপুল ভোটে জয়ী হতো। নির্বাচনের ফলাফল পুরোপুরি মেনে নেওয়ার কথা জানালেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ডেমোক্র্যাটদের আনা যেকোনো অযৌক্তিক আইনে তিনি ‘ভেটো’ প্রয়োগ করবেন। সামাজিক মাধ্যমে তিনি ‘ভেটো’ লেখা একটি লাল টুপির ছবি পোস্ট করে নিজের এই সাংবিধানিক ক্ষমতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।
পরাজয়ের কারণ বিশ্লেষণে ট্রাম্প ইরান ইস্যু এবং জ্বালানির উচ্চমূল্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ইরান সংঘাত এবং এর ফলে সৃষ্ট জ্বালানির বাড়তি দাম ভোটারদের বিমুখ করেছে। এই স্বল্পমেয়াদী অর্থনৈতিক কষ্ট ভোটাররা মেনে নিতে পারেননি বলে তিনি মন্তব্য করেন।
কিছু রিপাবলিকান প্রার্থীর পরাজয়ের কারণ হিসেবে ট্রাম্প তাদের জনপ্রিয়তা ও নিজের সাথে তাদের সম্পর্কের দূরত্বকে দায়ী করেছেন। তিনি বলেন, “কিছু ক্ষেত্রে ভোটাররা প্রার্থীকে পছন্দ করেননি, আবার কিছু ক্ষেত্রে ওই প্রার্থীরা আমার বন্ধু ছিলেন না।”
এছাড়া ট্রাম্প ফক্স নিউজের তীব্র সমালোচনা করে তাদের রেটিং কমে যাওয়ার জন্য সংবাদমাধ্যমটির ভুল নীতিকে দায়ী করেছেন। তিনি ডেমোক্র্যাটদের সাথে আলোচনার পথ খোলা রাখলেও, দলটির সাথে আইন প্রণয়নের ক্ষেত্রে নিজের ‘ভেটো’ ক্ষমতার প্রয়োগ যে অপরিহার্য হয়ে উঠবে, তা স্পষ্ট করে দিয়েছেন।