উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, একলাফে বাড়ল মহার্ঘ ভাতা!

পাঞ্জাবে সরকারি কর্মীদের জন্য সুখবর: ডিএ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৫৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন উৎসবের মরসুমে পাঞ্জাবের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার ঘোষণা করল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণার ফলে রাজ্যের প্রায় ৮ লক্ষ সুবিধাভোগী সরাসরি উপকৃত হবেন।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, বর্ধিত এই ৩ শতাংশ ডিএ চলতি নভেম্বর মাসের বেতনের সঙ্গেই যুক্ত হয়ে কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। প্রশাসনের মেরুদণ্ড হিসেবে পরিচিত সরকারি কর্মীদের নিরলস পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, চলতি বছর মোট তিন দফায় ১১ শতাংশ ডিএ বৃদ্ধি করল পাঞ্জাব সরকার। এর আগে দু’টি কিস্তিতে ৪ শতাংশ করে মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে তা ৫০ শতাংশে পৌঁছেছিল। নতুন এই ৩ শতাংশ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র হার রেকর্ড ৫৩ শতাংশে গিয়ে পৌঁছাল।
পরিসংখ্যান অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে রাজ্য কোষাগারে আনুমানিক ৩৮০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। পাশাপাশি, ২০২৭ সালের এপ্রিল মাস থেকে প্রতি বছর সরকারকে এই খাতে প্রায় ১,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারাধীন। বকেয়ার পরিমাণ প্রায় ২২,৮১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই বকেয়া মেটানোর দাবিতে যখন রাজ্যের সরকারি কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ ও আন্দোলনের আবহ তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে সরকারের এই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একে সরকারের একটি বড় ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।