কালীপুজোর আগেই জঞ্জালে ঢাকল নৈহাটি, উৎসবের মুখে চরম দুর্ভোগ!

বকেয়া বেতন পেলেন নৈহাটির সাফাইকর্মীরা, পুরশহর পরিচ্ছন্ন করতে তৎপর প্রশাসন
নিজস্ব প্রতিবেদন, নৈহাটি: বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পটপরিবর্তনের জেরে নৈহাটি পুরসভার ক্ষমতা হাতবদল হলেও প্রশাসনিক জটিলতায় জর্জরিত ছিল শহরটি। এর প্রভাব সরাসরি পড়েছিল দৈনন্দিন পরিষেবা ও সাফাইকর্মীদের বেতনের ওপর। অবশেষে দীর্ঘ আন্দোলনের পর বকেয়া বেতন পেয়েছেন সাফাইকর্মীরা। তবে শহরজুড়ে জঞ্জাল সমস্যার নিরসন এখনও না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পুরসভায় বর্তমানে প্রশাসক বোর্ড দায়িত্ব পালন করলেও প্রশাসনিক অগোছালো ভাব ও রাজনৈতিক অস্থিরতায় পরিষেবা ব্যাহত হয়েছে। এর আগে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় পুরসভা চত্বরে হেনস্তার শিকার হওয়ার মতো অনভিপ্রেত ঘটনাও ঘটেছিল। এই পরিস্থিতির মাঝেই কর্মবিরতি ও বিক্ষোভের পথে হাঁটতে হয়েছিল সাফাইকর্মীদের। দীর্ঘ টালবাহানার পর তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বেতন মিটে গেলেও শহরজুড়ে জঞ্জাল সাফাই না হওয়ার বিষয়টি এখন নৈহাটির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় জঞ্জাল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “আমি বিষয়টি জেনেছি এবং নজরে রেখেছি। খুব শীঘ্রই শহর পরিষ্কারের কাজ শুরু হবে। আসন্ন দুর্গাপূজার আগেই নৈহাটিকে সম্পূর্ণ জঞ্জালমুক্ত করা হবে।”
এদিকে, আসন্ন কালীপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন বিধায়ক। মঙ্গলবার বিকেলে তিনি শহরের বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সুষ্ঠু ও সুন্দরভাবে কালীপূজার উৎসব উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিধায়কের আশ্বাসে শহরবাসী এখন জঞ্জাল সমস্যার দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন।