দিমাগি নকশাল নিয়ে তুঙ্গে বিতর্ক, খাড়গের মন্তব্যে পাল্টা তোপ রিজিজুর!

‘দিমাগি নকশাল’ নিয়ে ব্যাখ্যা দিলেন কিরেণ রিজিজু, সংজ্ঞায়িত করলেন চার বৈশিষ্ট্য
নিজস্ব প্রতিবেদক: ‘দিমাগি নকশাল’ বা ‘মানসিক নকশাল’ বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে, তা নিয়ে চার দফা ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে এই শব্দবন্ধের সংজ্ঞা স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে নির্বাচনী স্বচ্ছতা ও ভোট চুরি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। খাড়গে অভিযোগ করেন, এসব প্রশ্নের সদুত্তর না দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি বিরোধীদের বিরুদ্ধে ‘দিমাগি নকশাল’ তত্ত্বের আড়ালে বিভ্রান্তি ছড়াচ্ছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন খাড়গে।
এই অভিযোগের পাল্টা জবাবে কিরেণ রিজিজু দাবি করেন, ‘দিমাগি নকশাল’ কোনো রাজনৈতিক বয়ান নয়, বরং এটি একটি বাস্তব শব্দ। এরপর তিনি চার ধরনের মানসিকতার মানুষকে এই সংজ্ঞার অন্তর্ভুক্ত করেন:
১. সংবিধান অমান্যকারী: যারা মাওবাদীদের দেশবিরোধী অ্যাজেন্ডাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে এবং ভারতীয় সংবিধানকে অস্বীকার করে।
২. বিচ্ছিন্নতাবাদী ও ৩৭০ ধারার সমর্থক: যারা ভারতের অখণ্ডতার বিরোধিতা করে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে দাঁড়ায় এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের বিরোধিতা করে তা পুনর্বহালের দাবি তোলে।
৩. উন্নয়নবিরোধী গোষ্ঠী: যারা ভারতের উন্নয়ন প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করার বা স্থবির করে দেওয়ার চেষ্টা করে।
৪. ‘চিকেনস নেক’ কাটার ষড়যন্ত্রকারী: যারা উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা সংকীর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।
রিজিজুর এই মন্তব্যের পর জাতীয় রাজনীতিতে ‘দিমাগি নকশাল’ বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। শাসক ও বিরোধী শিবিরের এই পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।