রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাইক ও ই-বাইক কেনার অগ্রিমের ঊর্ধ্বসীমা বাড়াল নবান্ন!

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাইক ও ই-বাইক কেনার অগ্রিমের ঊর্ধ্বসীমা বাড়াল নবান্ন!

 

দুই চাকার যান কেনার ঋণের ঊর্ধ্বসীমা বাড়াল রাজ্য সরকার, ই-বাইকে বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারি কর্মীদের দুই চাকার যান কেনার জন্য অগ্রিম বা ঋণের আর্থিক ঊর্ধ্বসীমা একধাক্কায় অনেকটা বাড়াল অর্থ দফতর। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। পেট্রোলচালিত মোটরসাইকেল বা স্কুটারের পাশাপাশি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক (ই-বাইক) কেনার ক্ষেত্রেও বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, রোপা-২০১৯ (ROPA-2019) অনুযায়ী যে সমস্ত কর্মীর মূল বেতন ন্যূনতম ২৫,৭০০ টাকা বা তার বেশি, তাঁরা এই অগ্রিমের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

ঋণের আর্থিক সীমা:
১. পেট্রোলচালিত যান: সাধারণ মোটরসাইকেল বা স্কুটার কেনার জন্য প্রথম দফায় সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা, অথবা ৫ মাসের মূল বেতন, অথবা গাড়ির আনুমানিক দাম— এই তিনটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ অগ্রিম হিসেবে মিলবে।
২. ইলেকট্রিক যান: পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক দু’চাকার যানকে উৎসাহিত করতে প্রথম অগ্রিমে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা, অথবা ৬ মাসের মূল বেতন, অথবা গাড়ির আনুমানিক মূল্য— এর মধ্যে যেটি কম, তা পাওয়া যাবে।
৩. দ্বিতীয় বার অগ্রিম: উভয় ক্ষেত্রে দ্বিতীয় বার অগ্রিম গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিশোধের নিয়মাবলি:
ঋণ পরিশোধের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। মূল ঋণের অর্থ সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে বেতন থেকে কেটে নেওয়া হবে। মূল টাকা পরিশোধ হওয়ার পর সর্বোচ্চ ২০টি কিস্তিতে ঋণের সুদ মেটাতে হবে। এতে রাজ্য সরকারের প্রচলিত সাধারণ সুদের হার কার্যকর হবে। তবে কিস্তি পরিশোধে দেরি হলে বার্ষিক ন্যূনতম ৮ শতাংশ হারে অতিরিক্ত বা পেনাল্টি সুদ দিতে হতে পারে।

অন্যান্য শর্তাবলি:
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের অগ্রিম ও সুদ সম্পূর্ণ পরিশোধের ৩ বছরের মধ্যে দ্বিতীয়বার অগ্রিম পাওয়া যাবে না। পাশাপাশি, পুরো ঋণ ও সুদ কর্মীর অবসরের আগেই পরিশোধ করতে হবে। কাজের সুবিধার্থে এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি প্রশাসনিক দফতরকেই এখন থেকে ঋণ মঞ্জুর করার ক্ষমতা প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *