আধার কার্ড দিয়ে জঙ্গিদের টাকা পাঠানোর হুমকি! ৪৬ লক্ষ টাকা খুইয়ে নিঃস্ব দম্পতি

ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা: এনআইএ আধিকারিক সেজে দম্পতির থেকে খোয়া গেল ৪৬ লক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদন, বহরমপুর: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে ৪৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। প্রতারিত মুকুল দত্ত (৭০) ও তাঁর স্ত্রী চঞ্চলা দত্ত বর্তমানে আতঙ্কিত।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর মুকুলবাবুর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে এনআইএ (NIA)-এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ADG) পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করেন, মুকুলবাবুর আধার কার্ড ব্যবহার করে বিদেশে জঙ্গিদের কাছে টাকা পাঠানো হয়েছে। মুম্বইয়ের অ্যান্টি-ক্রাইম ব্রাঞ্চে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে বলেও জানানো হয়।
প্রতারক দম্পতিকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখায় এবং তদন্তে নির্দোষ প্রমাণিত হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪৬ লক্ষ টাকা দাবি করে। দ্রুত টাকা না দিলে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। এমনকি, বাড়ির বাইরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোক নজর রাখছে বলে ভয় দেখানোয় বৃদ্ধ দম্পতি আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণভয়ে তাঁরা ফিক্সড ডিপোজিট ভেঙে এবং সোনা বিক্রি করে ৪৬ লক্ষ টাকা জোগাড় করে প্রতারকদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।
পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর মুকুলবাবু বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। সোমবার দম্পতির ছেলে মৃদুল দত্ত বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বহরমপুর থানার আইসি সন্দীপ সেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম শাখাও ঘটনার তদন্তে নেমেছে।
উল্লেখ্য, ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণার ঘটনা বর্তমানে উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে দেশে সাইবার প্রতারণার মাধ্যমে ৫০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লোপাট হয়েছে। গত ২৯ অক্টোবর শীর্ষ আদালত এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, যথাযথ যাচাইয়ের অভাবে গ্রাহকের টাকা খোয়া গেলে তার দায় ব্যাঙ্কগুলোর উপরেও বর্তাতে পারে। বহরমপুরের এই ঘটনা ফের একবার সাইবার সচেতনতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এল।