বন দফতরের জমিতে রিসর্ট! বিধায়কের তোপের মুখে মহিলা কর্মী, পুলিশকে দিলেন গ্রেফতারের নির্দেশ

বন দফতরের জমিতে রিসর্ট তৈরির অভিযোগ, ছাতনার বিধায়ক ও কর্মীর বচসা
নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় সংলগ্ন শিউলিবনা গ্রামে বন দফতরের জমিতে বেআইনিভাবে রিসর্ট নির্মাণের অভিযোগে ব্যাপক শোরগোল। এই ঘটনাকে কেন্দ্র করে রিসর্টের এক মহিলা কর্মীর সঙ্গে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের তুমুল বচসা হয়। বিধায়ক পুলিশের উপস্থিতিতে ওই কর্মীকে গ্রেফতারের নির্দেশ দেন বলেও অভিযোগ উঠেছে।
গত সোমবার শিউলিবনা এলাকা পরিদর্শনের সময় জঙ্গলের মধ্যে ওই রিসর্টটি বিধায়কের নজরে আসে। রিসর্টের চারপাশে মদের বোতল পড়ে থাকতে দেখে তিনি সেখানে মদ বিক্রির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। বিধায়কের দাবি, সেই সময় রিসর্টের দায়িত্বপ্রাপ্ত এক মহিলা কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরই পুলিশ নিয়ে ফের ঘটনাস্থলে গিয়ে বিধায়ক দাবি করেন, বন দফতরের জায়গায় অবৈধভাবে রিসর্ট নির্মাণ করা হয়েছে এবং অনুমতি ছাড়াই সেখানে মদ বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিধায়ক পুলিশকে ওই কর্মীকে গ্রেফতারের নির্দেশ দেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করেনি, বিষয়টি নিয়ে পরে আলাদা করে কথা বলে।
বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের অভিযোগ, রিসর্টটিতে যাতায়াতের নিজস্ব কোনো জমি নেই, বন দফতরের জমি দখল করেই সেখানে যাতায়াতের পথ ও বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, “তৃণমূল আমলে শাসকদলের নেতাদের মদতে এই বেআইনি কারবার চলছিল। বিষয়টি জেলা প্রশাসন ও বন দফতরকে জানানো হয়েছে, প্রশাসনই আইনানুগ ব্যবস্থা নেবে।”
পাল্টা প্রতিক্রিয়ায় বাঁকুড়া জেলা তৃণমূলের সাংগঠনিক জেলার যুগ্ম আহ্বায়ক সুব্রত দরিপা বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “২০২১ সাল থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায় ওই কেন্দ্রের বিধায়ক। এতদিন পর তাঁর ঘুম ভাঙল কেন? অনিয়ম হলে এতদিন তিনি কেন চুপ ছিলেন?”
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।