শরদ পাওয়ারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মোদীকে কী বললেন প্রবীণ নেতা?

শরদ পাওয়ারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মোদীকে কী বললেন প্রবীণ নেতা?

 

হাসপাতালে শরদ পাওয়ার: স্বাস্থ্যের অবনতির পর স্থানান্তরিত মুম্বইয়ে, মোদীর সঙ্গে ফোনালাপ ঘিরে চর্চা

নিজস্ব প্রতিবেদন: প্রবীণ রাজনীতিবিদ তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার পুনের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২ নভেম্বর কাশির সমস্যা ও বুকে তীব্র ব্যথা নিয়ে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি হয়েছিলেন পাওয়ার। বুধবার চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনসিপি সূত্রে খবর, বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

এদিকে, বুধবার পুনের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শরদ পাওয়ারের এক ফোনালাপ রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। শরদ পাওয়ারের ঘনিষ্ঠ সহযোগী ভিট্টাল মানিয়া জানান, প্রধানমন্ত্রী ফোন করে পাওয়ারের স্বাস্থ্যের খোঁজ নেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আবহে বলেন, “সুপ্রিয়া সুলে প্রস্তুত আছেন এবং আমরা সবাই দেশের দায়িত্ব নিতে তৈরি। আপনি দেশ নিয়ে একদম চিন্তা করবেন না, নিজের শরীরের খেয়াল রাখুন।”

প্রত্যুত্তরে এনসিপি প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনি যখন রয়েছেন, তখন দেশ নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা করার দরকার নেই। আপনি আপনার কাজ চালিয়ে যান।”

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে দুই নেতার এই সৌজন্যমূলক কথোপকথন ও পাওয়ারের অসুস্থতা নিয়ে উদ্বেগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্ষীয়ান এই নেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর অনুগামী ও শুভানুধ্যায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *