প্রেমের টানে করুণ পরিণতি! শিক্ষিকাকে খুন করে লাশ নিয়ে ঘুরল ম্যানেজার!

প্রেমের টানে করুণ পরিণতি! শিক্ষিকাকে খুন করে লাশ নিয়ে ঘুরল ম্যানেজার!

 

প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের পর গাড়ির ডিকিতে দেহ নিয়ে সারাদিন ঘোরাঘুরি, গ্রেপ্তার স্কুল ম্যানেজার

নিজস্ব প্রতিবেদন, দেওরিয়া: উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় এক তরুণী শিক্ষিকাকে খুনের পর অত্যন্ত ঠান্ডা মাথায় তাঁর দেহ গাড়ির ডিকিতে ভরে সারাদিন শহরজুড়ে ঘোরার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক স্কুল ম্যানেজারের বিরুদ্ধে। মৃতার নাম রানী বিশ্বকর্মা (২৬), তিনি গোরখপুরের বাসিন্দা। অভিযুক্তের নাম বিজয় নিষাদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রুদ্রপুর থানা এলাকার একটি ঝোপের মধ্যে থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রানী বিশ্বকর্মা যে স্কুলে শিক্ষকতা করতেন, সেই স্কুলের ম্যানেজার বিজয় নিষাদের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল। দীর্ঘ দিন ধরে রানী বিজয়কে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। ৩১ অক্টোবর সকালে এ নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। এরপর বিজয় রানীকে নিজের সাদা ওয়াগনআর গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

তদন্তকারীদের দাবি, খুনের পর প্রমাণ লোপাটের জন্য ঘাতক ম্যানেজার রানীর নিথর দেহ গাড়ির ডিকিতে পুরে ফেলে। এরপর সারাদিন ওই দেহ গাড়িতে রেখেই সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে রুদ্রপুর থানা এলাকার শ্রীনেট গ্লোবাল স্কুলের কাছে নির্জন ঝোপে দেহটি ফেলে সে চম্পট দেয়।

ঘটনার তদন্তে নামে এসওজি (SOG) এবং স্থানীয় পুলিশ। ফরেনসিক পরীক্ষার পর পুলিশ অভিযুক্ত বিজয় নিষাদকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধে ব্যবহৃত গাড়ি, মৃতার এটিএম কার্ড এবং মোবাইলের ফ্লিপ কভার উদ্ধার করা হয়েছে। দেওরিয়ার এসপি অভিজিৎ আর. শঙ্কর জানিয়েছেন, অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মৃতার পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে। পুলিশ সেই দিকটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *