যুদ্ধ এড়িয়ে বড় স্বস্তি, ভারতীয় জাহাজের জন্য দরজা খুলল ইরান!

যুদ্ধ এড়িয়ে বড় স্বস্তি, ভারতীয় জাহাজের জন্য দরজা খুলল ইরান!

 

হরমুজ প্রণালীতে ভারতসহ চারটি দেশকে বিশেষ ছাড় ইরানের, নেপথ্যে কূটনৈতিক তৎপরতা

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালীতে নিজেদের আরোপিত কঠোর ট্রানজিট নিয়মাবলী থেকে ভারতসহ চারটি দেশকে বিশেষ ছাড় বা অবাধ যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ হায়াত-মোকাদ্দাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারত ছাড়াও অন্য যে তিনটি দেশ এই বিশেষ সুবিধা পেয়েছে, সেগুলো হলো—চীন, ইরাক এবং কাতার।

সংশ্লিষ্ট বিষয়ে আহমেদ হায়াত-মোকাদ্দাম জানান, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “ভারতের ক্ষেত্রে যাতায়াত সহজ করা হয়েছে, যাতে দেশটির কাছ থেকে অত্যাবশ্যকীয় ওষুধ আমদানি নিরবচ্ছিন্ন রাখা যায়। অন্যদিকে চীনের ক্ষেত্রে এই ছাড়ের উদ্দেশ্য হলো তাদের রাজনৈতিক সমর্থন বজায় রাখা।”

আন্তর্জাতিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য সামরিক সংঘাতের উত্তেজনার মধ্যেই এই কূটনৈতিক পদক্ষেপ সামনে এল। ইরানের অভ্যন্তরীণ সামরিক পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা প্রকাশ করা হলেও, দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে কূটনৈতিক সমাধানের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, চলমান উত্তজনা নিরসনে কাতার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। কাতারের পক্ষ থেকে একটি বিশেষ শান্তি প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব পর্যালোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সামরিক বাহিনীকে পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি কাতারের একটি প্রতিনিধি দল তেহরান সফর করে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করেছে। একদিকে রাজনৈতিক নেতারা যখন আলোচনার পথ খোলা রাখছেন, অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, আমেরিকান শক্তির সম্ভাব্য মোকাবেলার জন্য ইরানি সামরিক বাহিনীও সমান্তরালভাবে নিজেদের প্রস্তুতি বজায় রাখছে।

হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সময়ে তেলবাহী জাহাজে হামলার ঘটনা এবং তার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *