দুর্গাপুজোর পাস বিক্রিতে কোটি কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার আরও এক প্রভাবশালী!

দুর্গাপুজোর পাস বিক্রিতে কোটি কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার আরও এক প্রভাবশালী!

 

ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে প্রতারণা: গ্রেফতার ম্যাসআর্টের ধ্রুবজ্যোতি বসু

কলকাতা: দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের নামে ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার অভিযোগে ধ্রুবজ্যোতি বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। এই মামলার এফআইআরে আগেই তাঁর নাম ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে নির্বাচিত ২৪টি পুজো মণ্ডপে বিশেষ প্রবেশের পাস বিক্রি করত ‘ম্যাসআর্ট’ নামে একটি সংস্থা। এই পাস বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ধ্রুবজ্যোতি বসুকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল পরিমাণ অর্থ কোথায় জমা হতো এবং আর্থিক লেনদেনের সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তের স্বার্থে কলকাতা পুলিশ ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেছিল। পুলিশি দাবি অনুযায়ী, ইউনেস্কো জানিয়েছে যে তারা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যোগাযোগ রাখলেও, কোনো বাণিজ্যিক ব্যবহারের জন্য কোনো সংস্থা বা দফতরের সঙ্গে তাদের কোনো চুক্তি নেই।

উল্লেখ্য, এই ঘটনায় ২০২৬ সালের জুন মাসে বউবাজার থানায় একটি এফআইআর দায়ের হয়। সেই অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুচ্ছন্দা সেন এবং ম্যাসআর্টের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নাম ছিল। গত ২৮ অক্টোবর ইডি দফতরে জিজ্ঞাসাবাদের পর ইন্দ্রনীল সেনকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। বর্তমানে আদালতের নির্দেশে তিনি ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রয়েছেন।

তদন্তকারীদের দাবি, এই মামলায় প্রায় ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের হদিস মিলেছে। ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা এবং অভিযুক্তদের পরিবারের আর্থিক যোগসূত্র খতিয়ে দেখছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। এছাড়া, পাস বিক্রির পাশাপাশি টেন্ডার প্রক্রিয়া এবং বিভিন্ন সংস্থাকে দেওয়া অর্থের হিসাবও তদন্তের আওতায় রয়েছে। ধ্রুবজ্যোতি বসুকে হেফাজতে নিয়ে জেরা করলে এই প্রতারণা চক্রের আরও তথ্য মিলবে বলে আশা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *