এক বছরে ১ লক্ষ সরকারি চাকরি, মেধার ভিত্তিতেই নিয়োগের ঐতিহাসিক ঘোষণা!

স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন, নবান্নে সমবায় পরিদর্শকদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বুধবার নবান্ন সভাঘরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে স্বচ্ছতার সাথে নির্বাচিত সমবায় পরিদর্শকদের (Cooperative Inspectors) হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দু’বছরের বেশি সময় অপেক্ষার পর যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে যোগ দেওয়া নবনিযুক্তদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।
এদিন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেন, রাজ্যের চলমান এক লক্ষ নিয়োগ প্রক্রিয়ায় ‘১০০ পয়েন্ট রোস্টার’ (100-Point Roster) কঠোরভাবে অনুসরণ করা হবে। এসসি (SC), এসটি (ST), ওবিসি (OBC) এবং বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য নির্ধারিত সমস্ত সাংবিধানিক সংরক্ষণ বিধি যথাযথভাবে মেনে চলা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
পূর্বতন সরকারের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, “বিগত সরকার নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম ও ভুল করেছে, বর্তমান সরকারের আমলে তার পুনরাবৃত্তি হবে না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, সরকার নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই সরাসরি হস্তক্ষেপ করবে না।” নিয়োগে শতভাগ স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
রাজ্যের কর্মসংস্থানের অগ্রগতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন দফতরে মোট ৬৩,৪৯৬টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া সফলতা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন বা অগ্রসর হয়েছে। সরকারি এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।