জলমগ্ন উত্তর দমদম, অবশেষে পুরসভার দ্বারস্থ অতিষ্ঠ শহরবাসী!

নিকাশি বেহাল: জলবন্দি উত্তর দমদমের বিস্তীর্ণ এলাকা, দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক, উত্তর দমদম: নিকাশি ব্যবস্থার বেহাল দশায় চরম জলযন্ত্রণার শিকার উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ো ফিঙা, ছোটো ফিঙা এবং সংলগ্ন কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যাওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কল্যাণী এক্সপ্রেসওয়ের ড্রেনটির উচ্চতা বেশি হওয়ায় সংলগ্ন এলাকার জল বেরোনোর পথ রুদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নিকাশি নালাগুলো সাফাই না হওয়ায় সেখানে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে। কোথাও আবার নির্মাণ সামগ্রী ফেলে নর্দমা অবরুদ্ধ করে রাখা হয়েছে। ফলে জল নামতে না পেরে রাস্তায় জমে থাকছে, এমনকি তা বাড়িতেও ঢুকে পড়ছে। জলমগ্ন রাস্তায় যাতায়াতের সময় বিষধর সাপের উপদ্রব এবং মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। সেইসঙ্গে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশির মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ভুক্তভোগী বাসিন্দা সুজন দাসের কথায়, “বাচ্চাদের কোলে করে স্কুলে নিয়ে যেতে হয়। বেশি বৃষ্টি হলে স্কুল বন্ধ রাখতে বাধ্য হই। রাস্তাঘাটে সবসময় জল জমে থাকে, তার ওপর পুরসভার জল ব্যবহারের পরেও সেই জল রাস্তায় মেশায় পরিস্থিতি ভয়াবহ।” প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এলাকা পরিদর্শনের দাবি জানিয়েছেন।
এই দীর্ঘস্থায়ী সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন উত্তর দমদমের বিধায়ক সৌরভ সিকদার। তিনি জানান, পাম্প চালিয়ে সাময়িকভাবে জল বের করার ব্যবস্থা করা হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। বিধায়ক বলেন, “ওই এলাকার জমা জল ফতেশা খালে ফেলার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করে জমা দেওয়া হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে।”
স্থানীয়দের দাবি, প্রতিশ্রুতি নয়, বর্ষার মরসুমে দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক পুরসভা ও প্রশাসন।