অটোয় মোবাইল হারানোর সপ্তাহেই ব্যাংক থেকে গায়েব দুই লক্ষ টাকা!

অটোয় মোবাইল হারানোর সপ্তাহেই ব্যাংক থেকে গায়েব দুই লক্ষ টাকা!

 

মোবাইল হারিয়ে খোয়ালেন ২ লক্ষ টাকা, টালিগঞ্জের প্রৌঢ়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন: মোবাইল ফোন হারিয়ে বিপাকে পড়লেন টালিগঞ্জের এক প্রৌঢ়। ফোন খোয়ানোর কয়েক দিনের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হলো ২ লক্ষ টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ওই প্রৌঢ়ের নাম শোভনকুমার চক্রবর্তী। তিনি প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর তিনি ঠাকুরপুকুর এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে বেহালা চৌরাস্তাগামী একটি অটোয় ওঠেন তিনি। অটো থেকে নামার সময় শোভনবাবু বুঝতে পারেন, তাঁর প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনটি আর নেই। সে দিনই তিনি ঠাকুরপুকুর থানায় গিয়ে বিষয়টি জানিয়ে একটি জেনারেল ডায়েরি (জিডি) করেন।

এর সপ্তাহখানেক পর শোভনবাবুর কাছে ব্যাংক থেকে একটি ফোন আসে। ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায় যে, তাঁর অ্যাকাউন্ট থেকে দু’দফায় ৮০ হাজার ও ২০ হাজার— মোট ১ লক্ষ টাকা তোলা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই ফের আরও ১ লক্ষ টাকা (৮০ হাজার ও ২০ হাজার) ডেবিট হয়েছে। মোট ২ লক্ষ টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই লেনদেন তিনি নিজে করেছেন কি না, তা জানতেই ব্যাংক থেকে তাঁকে ফোন করা হয়েছিল।

ফোন পেয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে শোভনবাবুর। তিনি দ্রুত ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টটি ব্লক করান। ব্যাংক আধিকারিকদের পরামর্শে তিনি টালিগঞ্জ থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানিয়ে ‘জিরো এফআইআর’ (Zero FIR) দায়ের করেন। যেহেতু ঘটনাস্থল ঠাকুরপুকুর থানার অন্তর্গত, তাই টালিগঞ্জ থানা থেকে অভিযোগপত্রটি ঠাকুরপুকুর থানায় স্থানান্তর করা হয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খোয়া যাওয়া মোবাইলটি কোনোভাবে সাইবার প্রতারকদের হাতে চলে গেছে। অথবা, চোরাই বাজারের মাধ্যমে মোবাইলটি কোনো দুষ্কৃতীর কাছে পৌঁছেছে, যারা সেটির তথ্য কাজে লাগিয়ে ব্যাংকের নিরাপত্তা ভেঙে টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *