ঘুরে বেড়ান আরও সহজে, পর্যটনে বিপ্লব ঘটাতে এল নতুন হোমস্টে পোর্টাল!

রাজ্যে পর্যটন শিল্পের আধুনিকীকরণে নতুন পোর্টাল চালু, কড়া নির্দেশ পর্যটনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে আরও সুসংগঠিত ও প্রযুক্তিচালিত করতে একটি নতুন অনলাইন পোর্টাল চালু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং তথ্য ও সংস্কৃতি তথা পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
নতুন এই পোর্টালে হোমস্টে মালিকদের নাম নথিভুক্ত করার জন্য নিজস্ব তথ্য ও মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপি (OTP) জেনারেট করতে হবে। লগ ইন করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড এবং হোমস্টের সঠিক ভৌগোলিক অবস্থান (লোকেশন) ম্যাপ করতে হবে। এর ফলে পর্যটকরা সহজেই হোমস্টের সঠিক অবস্থান, আশপাশের পরিবেশ এবং সেটি সরকার অনুমোদিত কি না, তা যাচাই করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “ওয়ার্ল্ড ট্যুরিজম ডিজিটাল এজেন্ডার সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা প্রযুক্তিভিত্তিক সঠিক তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর জোর দিয়েছি।”
বর্তমানে রাজ্যে প্রায় ৫,৪৭৯টি হোমস্টে রয়েছে। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারি অনুমোদনপ্রাপ্ত ও সার্টিফাইড হোমস্টেগুলোই কেবলমাত্র নামের সঙ্গে ‘হোমস্টে’ শব্দটি ব্যবহার করতে পারবে। অন্য কোনো প্রতিষ্ঠান এই শব্দ ব্যবহার করতে পারবে না।
বিগত দিনের পর্যটন দফতরের পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে শঙ্কর ঘোষ বলেন, “দফতরের পরিকাঠামো ছিল অত্যন্ত দুর্বল। সেখানে একাধিক দুর্নীতির ইঙ্গিত পাওয়া গেছে, যা বর্তমানে তদন্তসাপেক্ষ। আমরা সরকারি নিয়ম মেনে সমস্ত ত্রুটি দূর করার উদ্যোগ নিয়েছি।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, খুব শিগগিরই সরকারি ট্যুরিস্ট লজগুলির জন্য একটি আধুনিক ওয়েবসাইট চালু করা হবে। পরবর্তী ধাপে ট্যুরিস্ট লজ বুকিং এবং হোমস্টে পোর্টালকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া গঙ্গাসাগরকে স্থায়ী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।
পর্যায়ক্রমে গাইড, হোটেল ও পরিবহণ স্বত্বাধিকারীদেরও এই একক সরকারি পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে। পর্যটন শিল্পকে কর্মসংস্থান ও রাজস্ব আদায়ের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলে পশ্চিমবঙ্গকে দেশের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্ত্রী জানিয়েছেন।