কলকাতায় মিরাকল সার্জারি! ৮ বছরের মেয়েকে লিভার দান করে বাঁচালেন পুলিশকর্মী বাবা!

বাবার ত্যাগে নতুন জীবন ফিরে পেল কলকাতার এক বিরল রোগে আক্রান্ত আট বছরের শিশু। প্রতি এক লক্ষ জনের মধ্যে একজনের শরীরে দেখা দেওয়া জটিল জিনগত লিভারের রোগ পিএফআইসি থ্রি (PFIC 3)-তে আক্রান্ত হয়েছিল ওই মেয়েটি। দীর্ঘদিন ধরে জন্ডিস, পেট ফুলে যাওয়া ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার মতো মারাত্মক সমস্যায় ভুগে অবশেষে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয় সে। চিকিৎসকদের পরামর্শে এক মুহূর্তও দ্বিধা না করে নিজের লিভারের একটি অংশ মেয়েকে দান করেন তার পুলিশকর্মী বাবা।
প্রায় চৌদ্দ ঘণ্টা ধরে চলা অত্যন্ত জটিল এই অস্ত্রোপচারে শিশুটির রক্তনালী ও পিত্তনালী জোড়া লাগানোর মতো চ্যালেঞ্জ সফলভাবে পার করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অস্ত্রোপচারের মাত্র একদিনের মাথায় ভেন্টিলেটরমুক্ত হওয়া শিশুটি ১৮ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাশাপাশি, মাত্র দশ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে নিজের স্বাভাবিক কর্মজীবনে ফিরেছেন দাতা বাবাও।