ভোটার তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ফর্ম ৬-এর সঙ্গে আর নেই SIR-এর বাধ্যতামূলক ঘোষণাপত্র

ভোটার তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ফর্ম ৬-এর সঙ্গে আর নেই SIR-এর বাধ্যতামূলক ঘোষণাপত্র

ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্রে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। যে রাজ্যগুলিতে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, সেখানকার অনলাইন ভোটার এনরোলমেন্টের ‘ফর্ম ৬’ (Form 6) থেকে SIR সংক্রান্ত অতিরিক্ত ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হলো। এর ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির আবেদনকারীদের এখন থেকে ১৯৬০ সালের ‘রেজিস্ট্রেশন অফ ইলেকট্রস রুলস’ অনুযায়ী নির্ধারিত মূল ফর্মটিই পূরণ করতে হবে। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, নির্বাচন কমিশনের এই নির্দেশিকায় ভোটার তালিকাভুক্তির পদ্ধতি অনেকটাই সহজ হলো।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অতীতে এই অতিরিক্ত ঘোষণাপত্র বাধ্যতামূলক করা নিয়ে কমিশনারদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল এবং দুই নির্বাচন কমিশনার এবিষয়ে আপত্তি জানিয়েছিলেন। কমিশনের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র SIR চলাকালীনই ওই অতিরিক্ত তথ্যের প্রয়োজন ছিল। নতুন এই পরিবর্তনের ফলে ই-সিনেট (ECINET) পোর্টাল ও অ্যাপ এবং রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টাল থেকেও ওই ঘোষণাপত্র সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আরও জনমুখী ও স্বচ্ছ হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *