অ্যাপ ক্যাব চালক খুনের নেপথ্যে পুলিশ ইনস্পেক্টরের প্রাক্তন চালক, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

অ্যাপ ক্যাব চালক খুনের নেপথ্যে পুলিশ ইনস্পেক্টরের প্রাক্তন চালক, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

 

অ্যাপ ক্যাব চালক খুনের কিনারা: পুলিশের জালে প্রাক্তন পুলিশকর্মীর গাড়িচালক

কলকাতা: অ্যাপ ক্যাব চালক খুনের ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ। ধৃত শেখ শাহাদাতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সিসি ক্যামেরার নজরদারি এড়াতেই অত্যন্ত পরিকল্পিতভাবে অপরাধের পর গাড়িগুলি নির্দিষ্ট স্থানে ফেলে রেখেছিল অভিযুক্তরা। আদালতে নিজের দোষ স্বীকার করে গোপন জবানবন্দিও দিয়েছে শাহাদাত।

গত অক্টোবর মাসে এন্টালিতে একটি অ্যাপ ক্যাবের ভেতর থেকে উদ্ধার হয় চালক ভগবানপ্রসাদ গুপ্তার (৪৫) দেহ। ময়নাতদন্তে জানা যায়, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একই সময়ে ডানকুনির দিল্লি রোডের ধার থেকে রামদাস কৌরি (৫৮) নামে আরেক অ্যাপ ক্যাব চালকের দেহ উদ্ধার হয় এবং তাঁর গাড়িটি পাওয়া যায় পার্ক সার্কাস এলাকায়। এই দুই খুনের ঘটনায় শেখ আরিয়ান, শেখ মনিরুল ও শেখ শাহাদাতকে গ্রেপ্তার করে ডানকুনি থানা। পরে কলকাতা পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়।

তদন্তে উঠে এসেছে, শাহাদাত অতীতে রাজ্য পুলিশের এক ইনসপেক্টরের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করত। বিধাননগর কমিশনারেটে পোস্টিং থাকাকালীন সে ওই ইনসপেক্টরের ঘনিষ্ঠ ছিল। তবে বেতনের পরিমাণ নিয়ে সন্তুষ্ট না হওয়ায় দুই বছর আগে সে চাকরি ছেড়ে দেয় এবং অপরাধ জগতে পা রাখে। অভিযুক্তের দাবি, পুলিশের অন্দরমহলের খুঁটিনাটি ও অপরাধ তদন্তের কৌশল তার নখদর্পণে ছিল। নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে সে পার পেয়ে যাবে বলে আত্মবিশ্বাসী ছিল।

পুলিশ সূত্রে খবর, জেরায় শাহাদাত জানিয়েছে, অপরাধ করার পর পুলিশকে বিভ্রান্ত করাই ছিল তাদের মূল লক্ষ্য। সিসি ক্যামেরার ফুটেজ যে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, তা শাহাদাত জানত। সে কারণেই দু’টি খুনের পর গাড়ি দু’টিকে এমন জায়গায় সরিয়ে রাখা হয়েছিল, যেখানে কোনো সিসি ক্যামেরা নেই।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানান, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পর চালককে গাড়ির পেছনের সিটে তুলে শ্বাসরোধ করে খুন করা হয়। শাহাদাত চালকের আসনে বসে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছায়। বর্তমানে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই অপরাধচক্রের সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *