মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় কর্মচারী, রাগের মাথায় পিটিয়ে খুন করলেন বাবা!

প্রেমের সম্পর্কের জেরে নির্মম হত্যাকাণ্ড, বেঙ্গালুরুতে গ্রেফতার ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু: নিজের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মৃত যুবকের নাম কিরণ (২২)। তিনি কেরলের পালক্কাড় জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ গত কয়েক বছর ধরে অভিযুক্ত ব্যবসায়ী আনন্দরাজের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত ছিলেন। আনন্দরাজের ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে কিরণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি পড়াশোনার সূত্রে বাইরে থাকলেও সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিল।
ঘটনার দিন, গত মঙ্গলবার সকালে আনন্দরাজ ও তাঁর স্ত্রী বিশেষ কাজের বাহানায় বাড়ি থেকে বেরিয়ে যান। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা আচমকা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরেই মেয়ের সঙ্গে কিরণকে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যবসায়ী। প্রথমে মেয়েকে প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দিয়ে কিরণের ওপর নির্মম অত্যাচার শুরু করেন তিনি। প্রচণ্ড মারধরের ফলে গুরুতর জখম হয়ে যুবকটি মেঝেতেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে বিষয়টি জানায়।
এদিকে, নিহত কিরণের পরিবারের পক্ষ থেকে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। কিরণের মাসতুতো ভাই প্রসাদ অভিযোগ করেন, “পরিকল্পিতভাবেই কিরণকে একা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছিল। আনন্দরাজ ইচ্ছা করেই কিরণের ভাইকে ডেলিভারির কাজে উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে কেউ বাধা দিতে না পারে।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আনন্দরাজ ছাড়া ঘটনার সময় আর কেউ উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যবসায়ীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।