কাউকে আটকের ২৪ ঘণ্টার মধ্যেই কোর্টে পেশ করতে হবে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

আটকের পর থেকে আনুষ্ঠানিক গ্রেফতার দেখানোর আগের সময়ও ২৪ ঘণ্টার মধ্যেই গণনা করতে হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশ দিয়ে জানিয়েছে, আটকের সময় ও আনুষ্ঠানিক গ্রেফতারের সময়ের মধ্যে কৃত্রিম পার্থক্য তৈরি করে বিচারবিভাগীয় নজরদারি এড়ানো যাবে না। আদালত স্পষ্ট করেছে, সংবিধানের ২২(২) অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ৫৬ নম্বর ধারার সুরক্ষা মেনে চলা বাধ্যতামূলক এবং ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটদের সামনে হাজির না করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
ত্রিপুরা হাই কোর্টের একটি জামিনের আবেদন খারিজের মামলায় শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে, যেখানে চার ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের আগেই আটক করা হলেও তাঁদের গ্রেফতার দেখানো হয়েছিল অনেক পরে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আটকের প্রকৃত সময় যাচাই করার বিশেষ দায়িত্ব ম্যাজিস্ট্রেটদের পালন করতে হবে এবং শুধুমাত্র আদালতে পৌঁছনোর প্রয়োজনীয় যাত্রার সময়টুকুই এই ২৪ ঘণ্টার হিসাবের বাইরে থাকবে।