আধার কার্ডে নতুন মোবাইল নম্বর আপডেট করুন ঘরের বসেই, রইল সহজ পদ্ধতি

আধার কার্ডে পুরনো মোবাইল নম্বর বদলে নতুন নম্বর যোগ করার জন্য এখন আর আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর অফিসিয়াল আধার অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। ব্যাঙ্কিং, সরকারি প্রকল্প ও বিভিন্ন অনলাইন পরিষেবার ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে সচল মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক হওয়ায় এই নতুন ডিজিটাল ব্যবস্থা সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমিয়ে দিয়েছে।
স্মার্টফোনে আধার অ্যাপ ডাউনলোড করে ভাষা নির্বাচন ও ১২ ডিজিটের আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ফেস অথেন্টিকেশন বা মুখ দেখে পরিচয় যাচাই এবং নতুন নম্বরে প্রাপ্ত ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করে নির্ধারিত ফি প্রদান করলে আবেদন জমা পড়ে যায়। তবে পুরনো নম্বরটি সঙ্গে না থাকলে বা অতীতে কোনও নম্বর রেজিস্টার্ড না থাকলে সরাসরি আধার সেবা কেন্দ্রে যেতে হতে পারে এবং সফলভাবে আপডেট হতে সাধারণত ৩০ দিন পর্যন্ত সময় লাগে।