২৪ ঘণ্টার মধ্যে আদালতে তুলতেই হবে, নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের!

কোনও ব্যক্তিকে আটক করার পর থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করাতে হবে। বৃহস্পতিবার সুজিত দাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, আনুষ্ঠানিক গ্রেফতারের সময় থেকে নয়, বরং ঠিক যে সময় থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে, সেই মুহূর্ত থেকেই এই ২৪ ঘণ্টার সময়সীমা গণনা শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না করা হলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
সংবিধানের অনুচ্ছেদ ২২(২)-এর প্রসঙ্গ টেনে শীর্ষ আদালত জানিয়েছে, আটকস্থল থেকে আদালতে পৌঁছনোর প্রয়োজনীয় যাতায়াতের সময় বাদ দিয়ে এই হিসাব করতে হবে। ম্যাজিস্ট্রেটকে কড়া নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, স্বাধীনতা খর্ব হওয়ার সঠিক তারিখ ও সময় নথিভুক্ত করে এই নিয়ম কঠোরভাবে যাচাই করতে হবে। এর অন্যথা হলে তা সাংবিধানিক পদ্ধতির বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য হবে এবং রিমান্ডের আবেদনও খারিজ হতে পারে।