ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজ মামলা: সুপ্রিম কোর্টের শুনানিতে অস্বীকার, দ্রুত শুনানির নির্দেশ হাই কোর্টকে

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজ মামলা: সুপ্রিম কোর্টের শুনানিতে অস্বীকার, দ্রুত শুনানির নির্দেশ হাই কোর্টকে

জোড়াফুল প্রতীকে জিতে পরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়া ১০ জন বিধায়কের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কালীঘাট তৃণমূল। তবে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই মামলা শুনতে অস্বীকার করে আবেদনকারীদের কলকাতা হাই কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে মামলাটি দ্রুত শুনানির জন্য কোনও ডিভিশন বেঞ্চে পাঠাতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কাছে অনুরোধ জানিয়েছে শীর্ষ আদালত। প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা এই মামলায় ঋতব্রত ও ফিরহাদ হাকিম ছাড়াও সন্দীপন সাহা, অরূপ রায়, শিউলি সাহাদের মতো বিধায়কদের দলত্যাগবিরোধী আইনে পদ খারিজের আর্জি জানানো হয়।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙনে বিধায়কদের একাংশ কালীঘাট শিবিরের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন। কালীঘাট তৃণমূলের অভিযোগ, এই বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য গত ৮ জুলাই বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে আবেদন জানানো হলেও তিন মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে সুপ্রিম কোর্ট স্পিকারকে নিষ্পত্তির নির্দেশ দিলেও পদ খারিজ নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় পুনরায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। শেষ পর্যন্ত আইনি লড়াই গড়াচ্ছে কলকাতা হাই কোর্টেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *